মোবাইল ব্যাংকিং সেবা দেবে পোস্ট অফিস
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২০:১৬
সাম্প্রতিক সময়ে মোবাইল ব্যাংকিং সবচেয়ে জনপ্রিয় সেবাগুলোর মধ্যে অন্যতম। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই টাকা জমা দিতে ও তুলতে পারে। এছাড়া পণ্য কেনা-বেচা ও বিভিন্ন ধরণের বিল পরিশোধ করারও সুযোগ থাকে। এজন্য সহজ এ সেবা গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোবাইল ব্যাংকিং এ সেবা দেবে বাংলাদেশ ডাক বিভাগ। অথাত্ পোস্ট অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও এ সেবা নিতে পারবে।
গতকাল শনিবার রাজধানীর পুরনো পল্টনের ডাক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ‘পোস্ট-ই-পে’ নামে পরীক্ষামূলকভাবে এ মোবাইল ব্যাংকিং সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। বাংলা ফোন লিমিটেড ও কমলিংক ইনফোটেকের প্রযুক্তি সহযোগিতায় প্রাথমিকভাবে রাজধানীর তিনটি কেন্দ্র থেকে পরিক্ষামূলক এ সেবা দেয়া হবে। এটি সফল হলে শিগগিরই সারা দেশে সারা দেশে বিস্তৃত করা হবে। প্রাথমিকভাবে ঢাকা জিপিও, বনানী ও সদর পোস্ট অফিস থেকে এ সেবা নেয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলেয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে মোবাইল ব্যাংকিংয়ের ওপর একটি প্রবন্ধ উপস্থাপকন করেন বাংলা ফোন লিমিটেড ও কমলিংক ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন খান। এতে আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী এবং ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম খসরু।