আজ চূড়ান্ত হবে ফ্রাঞ্চাইজি জাতীয় লিগের সূচি

আটটি বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শুরু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক জাতীয় লিগ। জাতীয় লিগে যারা ভালো খেলেছেন সেখান থেকে বাছাই করে সেরা ৮০ জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে ফ্রাঞ্চাইজিরা তাদের কিনে নিবে। যদিও নিলাম ও লিগ শুরুর তারিখ আজ সোমবার চূড়ান্ত হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাফিজ জোয়ার্দার। ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগকে- উত্তর, খুলনা ও বরিশাল বিভাগকে- দক্ষিণ, সিলেট ও চট্টগ্রামকে- পূর্ব এবং রংপুর ও রাজশাহীকে পশ্চিম অঞ্চলে ভাগ করা হয়েছে। নতুন করে শুরু হওয়া চারদিনের এই টুর্নামেন্টের ইতোমধ্যে তিনটি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। ওয়ালটন, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক চূড়ান্ত হলেও চতুর্থ ফ্রাঞ্চাইজির নামও আজ-কালকের মধ্যে চূড়ান্ত হবে বলে জানা গেছে। লটারির মাধ্যমে ফ্রাঞ্চাইজি তাদের দল চূড়ান্ত করতে পারবে। সংক্ষিপ্ত এই টুর্নামেন্টে প্রতিটি ফ্রাঞ্চাইজি একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল। ফাইনালসহ মোট ম্যাচ হবে সাতটি।