পটিয়ায় ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:১৭
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের ঘৃণা জানাতে চট্টগ্রামের পটিয়ায় নির্মিত দেশের প্রথম ঘৃণাস্মম্ভ গত ১৫ ডিসেম্বর রাতে উদ্বোধন করেন পটিয়ার শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলমের স্ত্রী শামসুন নাহার। এ সময় মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন দল এ ঘৃণাস্তম্ভে ছেড়া জুতা থুতু নিক্ষেপ করে স্বাধীনতা বিরোধী রাজাকার আল-বদরদের ঘৃণা জানায়। এ সময় পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, সেক্রেটারী বিজন চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। পটিয়ার এমপি সামসুল হক চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে এ ঘৃণাস্তম্ভটি নির্মিত হয়েছে। এমপি শামসুল হক চৌধুরী জানান, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতেই আমি এ উদ্যোগ নিয়েছি।