রাজশাহীতে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পর্কে তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে পুলিশ দিয়ে জমি দখলের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। অভিযোগ অনুযায়ী নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি এবং কতিপয় সদস্যের এহেন কর্মকাণ্ডে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত বলে জানা গেছে। এদিকে দখলবাজ পুলিশের দাপটে শাহ্ মখদুম থানাধীন পবা উপজেলার খিরসিনটিকর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তদন্তে মহানগর পুলিশ কমিশনার এসএম মনিরুজ্জামানের নির্দেশে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল ইসলাম ও মতিহার জোনের সহকারী কমিশনার আবুল হাসনাতের সমন্বয়ে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার উক্ত জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় রাতেই নগরীর বোয়ালিয়া থানার এসআই ওমর শরীফ বিপুল সংখ্যক গ্রামবাসীর বিরুদ্ধে শাহ্ মখদুম থানায় পুলিশের উপর হামলার অভিযোগে মামলা করেন। সূত্র জানায়, নগরীর ‘গোল্ডেন থানা’ বলে পরিচিত বোয়ালিয়া মডেল থানার ওসির দায়িত্ব নিয়ে পরিদর্শক আলমগীর হোসেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ইতিপূর্বে শিবিরের নামে আটক রাজশাহী কলেজের এক সাধারণ ছাত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার বিনিময়ে তার পরিবারের নিকট থেকে আদায়কৃত অর্থের ভাগাভাগি নিয়ে থানার একজন এসআইয়ের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত এসআইকে পরে সাময়িকভাবে বরখাস্ত করে ঘটনা ধামাচাপা দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।