মির্জাপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৬
এ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অধীনে চলতি বছর বার্ষিক পরীক্ষায় সকল প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এই ফাঁস হওয়া প্রশ্ন দিয়েই বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক অভিভাবক ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
গত শনিবার বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিন গিয়ে শিক্ষকমণ্ডলী,ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তারা অভিযোগ করেছে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মাধ্যমে বার্ষিক পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এবং সমিতির মধ্য থেকে একটি সিন্ডিকেট চক্র প্রশ্ন ফাঁস করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। জানা গেছে গত ১ ডিসেম্বর থেকে মির্জাপুর উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সরকারি বিধিমত নিজ নিজ বিদ্যালয় থেকে প্রশ্ন প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা নেয়ার কথা থাকলেও মির্জাপুরে তা মানা হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নিজেদের স্বার্থের জন্য পরীক্ষার প্রশ্নপত্র ছাপিয়ে বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ করেছে বলে শিক্ষকবৃন্দ জানিয়েছেন। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রায়হানুল আলম মহসীনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হচ্ছে। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।