সোনারগাঁওয়ে ফসলী জমির মাটি বিক্রি বন্ধে রুল
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:২৭
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাঁচ গ্রামের নিরীহ কৃষকদের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গত ১২ ডিসেম্বর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোঃ খুরশিদ আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত বৃহস্পতিবার এ রায় দেন। কৃষকদের সীমাহীন দুরবস্থার বিষয়টি আমলে নিয়ে ওই এলাকার কৃষকদের জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র, ভূমি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক র্যাব-১১, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সোনারগাঁওয়ের ইউএনও ও থানার ওসির প্রতি রুল জারি করা হয়। পাশাপাশি বিষয়টি সরেজমিন তদন্ত করে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব, কাহেনা, সিংলাব, পেচাইন, পাকুন্দা ও রাউতগাঁও মৌজার বিস্তীর্ণ এলাকার কৃষি জমির মাটি জামপুর ইউনিয়নের আওয়ামী লীগের কতিপয় নেতা প্রশাসনের সহযোগিতায় প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইটভাটায় গত ৪ বছর ধরে সরবরাহ করে আসছে। ওই এলাকার ২ হাজার বিঘা জমির মধ্যে প্রায় ৩শ’ বিঘা জমির মাটি ইতোমধ্যে কেটে নেয়া হয়েছে। যার ফলে এলাকাটি গভীর জলাশয়ে পরিণত হয়েছে।