মিঠাপুকুরে স্ত্রী-সন্তানকে
পুড়িয়ে হত্যার চেষ্টা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৩০
মিঠাপুকুর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে পাষণ্ড স্বামী। গত শনিবার ভোররাতে উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে অগ্নিদগ্ধ বকুলী বেগমের পিতা গোলাম রব্বানী বাদী হয়ে মেয়ে জামাই মোশাররফ হোসেনসহ ৪ জনের নামে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের গোলাম রব্বানীর কন্যা বকুলী বেগমের সাথে প্রায় ৮ বছর আগে পার্শ্ববর্তী বালারহাট ইউনিয়নের জালালগঞ্জ গ্রামের মফিজুল মিয়ার পুত্র মোশারফ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী মোশাররফ হোসেন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুক না পেয়ে গত শুক্রবার সে শ্বশুর বাড়ি যায়। গতকাল ভোররাতে ঘুমন্ত স্ত্রী বকুলী বেগম ও ৫ বছরের শিশু সন্তান বায়েজীদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার নিজের গায়েও আগুন ধরে ঝলসে যায়। বকুলী ও তার সন্তানের আর্তচিত্কারে পরিবারের লোকজন ছুটে এসে অগ্নিদগ্ধ বকুলী বেগম ও শিশু সন্তান বায়েজীদকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।