দুই ম্যানচেস্টারের বড় জয়
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪২
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজ নিজ খেলায় একই ব্যবধানে জয় পেয়েছে দুই বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। তবে নিজেদের ম্যাচে হেরে গেছে লিভারপুল। ম্যান ইউ ৩-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। ম্যান সিটি একই ব্যবধানে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে। তবে অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে হেরে গেছে লিভারপুল।
গেল চার ম্যাচে শতভাগ সাফল্যকে সাথে নিয়েই নিজেদের ১৭তম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাই জয়ের ধারাটা অব্যাহত রাখতে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ সান্ডারল্যান্ডকে চেপে ধরে ম্যান ইউ। ফলে ১৯ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় তারা। ১৬ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন রবিন ভ্যান পার্সিই। এই আনন্দের রেশ কাটতে না কাটতে আবারো গোলের স্বাদ পায় ম্যান ইউ।
তবে এবার গোলটি করেন টম ক্লেভারলি। ফলে অল্প সময়ের ব্যবধানেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দুই গোলে এগিয়ে গেলেও আক্রমণের ধার কমেনি সফরকারীদের। স্কোর লাইনের ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে উঠে তারা। এ সময় নিজেদের ঘর সামলাতেই সবচেয়ে বেশি মনোযোগী হয়ে উঠে সান্ডারল্যান্ড। তবে মাঝে-মধ্যে আক্রমণের চেষ্টাও করেছিলো স্বাগতিকরা। কিন্তু ম্যান ইউ’র রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি তারা। ফলে প্রথমার্ধে চালকের আসনে থেকেই বিরতিতে যায় ম্যান ইউ।
প্রথমার্ধে শেষভাগে বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের স্বাদ পায়নি ম্যান ইউ। তবে দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর কিছুক্ষণ পরই তৃতীয়বারের মত গোলের আনন্দ করে ম্যান ইউ। ৫৯ মিনিটে মধ্যমাঠ থেকে বল পেয়ে গোল করে দলের জয়টা একরকম নিশ্চিতই করে ফেলেন ওয়েন রুনি।
আর ৭২ মিনিটে ফ্রাজিন ক্যাম্পেবেলের গোলে ব্যবধান কমায় সান্ডারল্যান্ড। তবে শেষ পর্যন্ত জয়ের স্বাদ নিয়ে মাঠে ছাড়ে ম্যান ইউ। এই জয়ে ১৭ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষস্থান দখল করে থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর সমান সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে থাকতে হচ্ছে সান্ডারল্যান্ডকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের মত একই ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি। লন্ডনের জেমস পার্কে সফরকারী হিসেবে নিউক্যাসলের বিপক্ষে খেলতে নেমে ১০ মিনিটেই প্রথম এগিয়ে যায় ম্যান সিটি। আর্জেন্টাইন তারকা খেলোয়াড় সার্জিয়ো আগুয়েরো গোলটি করেন।
এরপর ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাভি গার্সিয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাত্ ৫১ মিনিটে প্রথম গোল করে ম্যাচে উত্তেজনার সৃষ্টি করে নিউক্যাসল। গোলটি করেন দেম্বা। আর ৭৮ মিনিটে তোরের দেয়া গোলে ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয় ম্যান সিটি। এই জয়ে ১৭ খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো তারা। আর সমান সংখ্যক ম্যাচে নিউক্যাসলের সংগ্রহ ১৭ খেলায় ১৭।
ম্যান ইউ ও ম্যান সিটি জিতলেও হারের তিক্ত স্বাদ পেয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলার কাছে ৩-১ ব্যবধানে হেরে গেছে তারা। ফলে ১৭ খেলায় ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে থাকতে হচ্ছে লিভারপুলকে। আর সমান সংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে উঠে এলো অ্যাস্টন ভিলা।