ব্যাঙ্গালোরে ইন্দো-পাক টি-২০ ম্যাচ ভণ্ডুলের হুমকি দিলো রাম সেনা

আগামী ২৫ ডিসেম্বর এম চিন্ময়স্বামী স্টেডিয়ামে অনুষ্ঠেয় ইন্দো-পাক টি-২০ ক্রিকেট ম্যাচ ভণ্ডুল করার হুমকি দিয়েছে দেশটির ডানপন্থী সংগঠন শ্রী রাম সেনা। একই সঙ্গে কর্নাটকের বিজেপি সরকারকে এ ম্যাচের অনুমতি না দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। দলটির সভাপতি প্রমোদ মুথালিক সাংবাদিকদের বলেন, ‘আমরা ম্যাচটি ভণ্ডুল করবোই।’ পাশাপাশি রাজ্যের মোট ৩১ সংগঠন একত্রিত হয়ে এ ম্যাচ আয়োজনের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ভারত চেষ্টা করে আসছে। কিন্তু তা কোন কাজে আসেনি। যে দেশের চরিত্র সন্ত্রাসবাদি, এমন একটা দেশকে সহায়তা কেন?’ মুথালিক আরও জানান, প্রতিবাদকারী গ্রুপগুলো ইতোমধ্যেই ৬শ’ টিকেট কিনেছে এবং ম্যাচে বিঘ্ন ঘটাতে আরও ১ হাজার টিকেট কিনবে।’ ২০০৯ সালের ২৪ জানুয়ারি ব্যাঙ্গালোরে একটি পানশালয় একটি মেয়ের উপর হামলা চালিয়ে নিজেদের পরিচিতি আনে রাম সেনা। প্রথাগত হিন্দু মূল্যবোধ অবমাননার অভিযোগে মেয়েটির উপর হামলা করা হয়েছিল তখন জানায় সংগঠনটি। এ হামলা ভুল ছিল বলে পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন মুথালিক। তবে ‘মা-বোনদের রক্ষার্থে’ এ হামলা করা হয়েছিল বলেও বলেছিলেন তিনি।-বাসস