অঞ্জলি টেন্ডুলকারের উপস্থিতিতে গুঞ্জন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
শচিন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার গত শনিবারের আগে নাগপুরে এসেছেন মাত্র একবার। চার বছর আগে অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষণের সম্মানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
দুই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টেন্ডুলকার যখন নিজের খেলোয়াড়ী জীবনে ৫০তম টেস্ট সেঞ্চুরি করার মাইলফলক স্পর্শ করেন তখন অঞ্জলি নাগপুরে আসেননি।
ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে চলমান টেস্টে দ্বিতীয়বার তার এখানে উপস্থিতিটা স্বাভাবিকভাবে গুঞ্জন সৃষ্টি করেছে। মাস্টার ব্যাটসম্যান টেন্ডুলকারের সময়টা বেশ কিছুদিন যাবতই ভাল যাচ্ছে না। তার এখন অবসর নেয়া উচিত বলে চারদিকে শোরগোল উঠেছে। বিশেষ করে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর সমালোচনাটা আরো বেড়ে গেছে।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। একটি সূত্র টিওআইকে জানায়, ‘তার সময়টা ভাল যাচ্ছে না। প্রতিটি ব্যর্থতাই আলোচনার বিষয় হবে এটাই স্বাভাবিক। শুধুমাত্র শচিন একাই রান পেতে ব্যর্থ হচ্ছেন এমনটা নয়। অন্যরাও রান পাচ্ছে না। আমাদের উচিত তাকে একা থাকতে দেয়া। পৃথিবীতে কেউই তার চেয়ে বেশি ক্রিকেট খেলেনি। সুতরাং তিনিই সবচেয়ে ভাল বোঝেন।’
এ টেস্ট চলাকালে তার স্ত্রী’র উপস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে, সূত্রটি আরো বলেন, ‘নিজ মাঠের টেস্ট তিনি (অঞ্জলি) কখনো কখনো সঙ্গে থাকেন।
এটা অস্বাভাবিক কিছু নয়। নিজের অবসর নিয়ে শচিন অবশ্যই বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সেটা যখন ঘটবে তখন সবাই জানবে।’-বাসস