সমর্থকদের উচ্ছৃঙ্খলতা ঠেকাতে ক্লাবগুলোকে সতর্ক করবে বাফুফে

ফুটবল মাঠে কারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করছে তা বাফুফের জানা। কোনো সাধারণ দর্শক ফুটবল মাঠে ঢুকে রেফারির দিকে তেড়ে যাওয়া কিংবা কোচকে লাঞ্ছিত করার সাহস পায় না। এসব কর্মকাণ্ড একজন সাধারণ দর্শক করছে না, করছে কয়েকটি ক্লাবের সমর্থকরাই। মুখ চেনা সমর্থকরা মাঠে ঢুকে তাণ্ডব চালাবে আর তা মেনে নিবে না ফেডারেশন। এসব কর্মকাণ্ড ঠেকাতে ক্লাবগুলোক সতর্ক করবে ফেডারেশন। নয় ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে তারা যেন সমর্থকদের আচরণ বিধি মেনে চলতে পরামর্শ দেন। পেশাদার ফুটবল লিগে সমর্থকদের যেসব আইন মেনে চলার নিয়ম রয়েছে তা মেনে চলতে হবে। সমর্থকদের কারণে কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ক্লাবকেই নিতে হয়। লিগের ১৪টি ম্যাচ মাত্র হয়েছে। এরই মধ্যে কিছু পরিচিত উচ্ছঙ্খল সমর্থক মাঠে ঢুকে তাণ্ডব চালাচ্ছেন। ক্লাবগুলো তাদের সমর্থকদের শৃংখলাবদ্ধ না করতে পারে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। বাফুফে কঠোর অবস্থানে যাবে। ফুটবল মাঠে গ্যালারি থেকে উচ্ছৃঙ্খল দর্শক যাতে ফেন্স টপকে মাঠে প্রবেশ করতে না পারে সেজন্য কাঁটাতারের বেড়া দেয়ার কথা জানিয়েছে লিগ কমিটি। গতকাল ছুটির দিনে লিগ কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে স্টেডিয়ামের পশ্চিমপ্রান্তে আবাহনী ও মোহামেডান গ্যালারিতে অস্থায়ীভাবে কাঁটাতারের বেষ্টনি স্থাপন করা হবে। কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, গত শুক্রবার আবাহনী শেখ জামাল ম্যাচের পর সমর্থকরা যে তাণ্ডব চালিয়েছেন সে ব্যাপারে ম্যাচ কমিশনারের রিপোর্ট পাঠানো হয়েছে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির কাছে।