বিনোদন কেন্দ্রে প্রাণের উচ্ছ্বাস
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:১৬
বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়। শাহবাগ, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে জাতীয় জাদুঘর, ছবির হাট, শিশুপার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডির রবীন্দ্রসরোবরসহ পুরো রাজধানী জুড়েই ছিল লাল-সবুজের পোশাক পরিহিত নারী-পুরুষের ভিড়। সকাল থেকে জাতীয় পতাকা লাল-সবুজে যেন সেজেছিল বিনোদন কেন্দ্রগুলো। শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ সবাই বিজয়ের আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েন পথে। অনেকের মুখমন্ডলে শোভা পাচ্ছিল লাল সবুজের আলপনা কিংবা জাতীয় পতাকার ছবি।
সকল বয়েসের মানুষের উপস্থিতি আর তাদের চোখে-মুখের আনন্দ-উচ্ছ্বাস বলে দিচ্ছিল আজ বাঙালির জীবনের তাত্পর্যময় দিনের কথা। রাজধানীর কর্মব্যস্ত মানুষ বিজয় দিবসের ছুটি উপভোগ করেছেন চুটিয়ে। শুধু বিনোদনকেন্দ্রগুলোতে নয়, অনেকে প্রিয়জনদের সঙ্গে নিয়ে রিকশা ভ্রমণ কিংবা আড্ডা জমিয়ে বসেন বিশ্ববিদ্যালয় চত্বরে। কেউবা আবার ঘোড়ার গাড়ি, নাগরদোলায় চড়ে আনন্দে মেতেছেন।
দিবসের শুরুতেই বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রগুলোতে জমায়েত হতে থাকে নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। এর পর দুপুরে কিছুটা রাস্তাঘাট ফাঁকা হতে থাকলেও বিকেল গড়াতে না গড়াতেই আবারও রাজধানীর বিভিন্ন সড়কে বাড়তে থাকে ভিড়। জ্যামে বিভিন্ন সড়কে ঘন্টার পর ঘন্টা পথচারীদের রিকশায় কিংবা গাড়িতে বসে সময় কাটাতে দেখা যায়। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখা যায় শিশুদের পছন্দ শিশুপার্ক, জাতীয় জাদুঘর আর চিড়িয়াখানায় নেমেছে মানুষের ঢল। কেউবা ভিড় করছেন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল জাদুঘর, লালবাগ কেল্ল¬া, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও কিংবা বলধা গার্ডেনে। যেসব বিনোদন কেন্দ্রে টিকিট কাটতে হয়েছে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকেট সংগ্রহে ছিল না ক্লান্তি।