ঢাবি সিন্ডিকেট সভা থেকে সাদা দলের ওয়াক আউট
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে শিক্ষকদের পদোন্নতিতে সিলেকশন বোর্ড গঠনের প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে সিন্ডিকেট সভা থেকে ওয়াক আউট করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা। শনিবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে শিক্ষকদের পদন্নোতির জন্য গঠিত পৃথক সিলেকশন বোর্ডে ভিসির সভাপতিত্বে মোট আট সদস্য থাকেন। আট জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য পাঁচ জন সদস্য মনোনয়ন দিয়ে থাকেন। বাকি দুইজনকে সিন্ডিকেট থেকে নেয়া হয়। আচার্য মনোনীত সদস্যরা ভিসির পরামর্শ বা চাহিদা অনুযায়ী হয়ে থাকে।
সাদাদলের আহবায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক সদরুল আমিন জানান, সিন্ডিকেটের সভায় সাদা দলের পক্ষ থেকে ঐ সিলেকশন বোর্ডের মোট সাত সদস্যের মধ্যে অন্তত দুই জন সাদা দলের শিক্ষক রাখার দাবি জানানো হয়। কিন্তু ভিসি তা নাকচ করে দেন। এমনকি সিন্ডিকেটের আগের সভায় যে কয়টি বিভাগের সিলেকশন বোর্ডে সাদা দলের দুই জন করে প্রতিনিধি রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, তাও পরিবর্তন করে মাত্র একজনকে মনোনীত করতে চান ভিসি। সাদা দলের পাঁচ সদস্য এর প্রতিবাদ জানিয়ে নোট অব ডিসেন্ট দেয় এবং সভা থেকে ওয়াক আউট করেন।