খালেদা জিয়াকে স্মৃতিসৌধে যেতে পথে পথে বাধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরকে বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি। গুলশানের বাসভবন থেকে শুরু করে সাভার অবধি পথে পথে বাধা দেয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করেন যে, প্রতিবারের মতো এবারও বিরোধী দলীয় নেতার ভোর ৬টায় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল। কিন্তু তার প্রটোকলের গাড়ি গুলশান থানায় আটকে রেখে ৪৫ মিনিট দেরি করানো হয়। ফলে ৬টার পরিবর্তে পৌনে ৭টায় খালেদা জিয়া সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রওনা করেন। বিএনপি চেয়ারপারসনের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, শনিবার রাত থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার চারদিকের বিভিন্ন রাস্তা ব্লক করে রাখে পুলিশ। তারা চেয়ারপারসনের সিকিউরিটিতে থাকা পুলিশের গাড়িগুলো আটকে রেখে তাকে ৪৫ মিনিট দেরি করায়। বেগম জিয়া রেডি হয়েছিলেন কিন্তু তাকে যেতে না দিয়ে বসিয়ে রাখা হয়। চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল ‘ইত্তেফাক’কে জানান, বেগম জিয়াকে বাসা থেকে বের হতে দেয়া থেকে শুরু করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পথে পথে বিঘ্নতা সৃষ্টি করা হয়। গাবতলী, আমিনবাজারসহ কয়েকটি এলাকা তার যাত্রা পথে ট্রাক-বাস এলোপাতাড়িভাবে রেখে দেয়া হয়। তা অপসারণ করে অগ্রসর হতে হয়েছে। ফলে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছতে বিলম্ব হয়। তিনি বলেন, গত বছর জাতীয় স্মৃতিসৌধ থেকে ফেরার পথে খালেদা জিয়াকে এরকম বাধা দেয়া হয়েছিল। এ ঘটনায় তীবৃ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তরিকুল ইসলাম বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে বাধা দিয়ে সরকার যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই। সরকারের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে দেশের কোনো পরিবর্তন হবে না।