চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩২
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, দুর্নীতি ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে চট্টগ্রামবাসী। বিজয়ের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা।
রাত ১২টা ১ মিনিটে নগর পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদন প্রদানের পর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর কার্যক্রম শুরু হয়। প্রথমে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনের নেতৃত্বে কাউন্সিলররা, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সিএমপি কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, চট্টগ্রামের পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, বন বিভাগ, বিআইডব্লিউটিসিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, ক্লাব ও সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহীদ মিনারের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে।
এছাড়াও শ্রদ্ধা জানাতে ভিড় জমায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, ওয়ার্কার্স পার্টি, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদসহ শতাধিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
৯৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
এদিকে মহান বিজয় দিবসে চট্টগ্রামের ৯৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি মেয়র এম মনজুর আলম গতকাল রবিবার এক অনুষ্ঠানে জাতির এই শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
নগরীর পূর্ব বাকলিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নবনির্মিত স্টেডিয়ামে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, সংবর্ধনা কমিটির সদস্য সচিব শহীদুল হক সৈয়দ, মুক্তিযোদ্ধা মো. হারিছ, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন ও মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া।