বিজয় দিবস উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন খালেদার
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রবিবার বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টা ৪৫ মিনিটে শেরে বাংলানগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে আসেন। সেখানে তিনি দলের সিনিয়র নেতবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই শেরে বাংলানগরে মিছিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসে জড়ো হন।
খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।