তিন সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৫৭

গোপালগঞ্জের মুকসুদপুর, বগুড়ার দুপচাঁচিয়া, নওগাঁর সরাইগাছি- গোমস্তাপুর এবং মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরের গেড়াখোলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৫ জন নিহত ও কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মঠবাড়িয়ার রিনা বেগম (৩৫), তার মেয়ে তানিয়া (১৮), দুই ছেলে হাসান (১২) ও হোসেন (২) এবং ঢাকার হালিমা বেগম। বিমান ও পর্যটনমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ৫ জনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের ২২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫ জনকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের কাশিয়ানী ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার সাহার পুকুর বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক বাচ্চু সাখিদার (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জ ন। গতকাল রবিবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু সাখিদার আদমদীঘি উপজেলার সান্তাহার বড় আখিড়া গ্রামের কিনা সাখিদারের ছেলে। সাহার পুকুর বাজারের অদূরে মোড়গ্রাম রাস্তার কাছে বগুড়ামুখী যাত্রীবাহী বাস এর নওগাঁগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী বাসটি রাস্তার পার্শ্বে খাদে পড়ে উল্টে যায় এবং পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক বাচ্চু সাখিদার নিহত হয়্। নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর সরাইগাছী-গোমস্তাপুর সড়কের আড্ডা নামক স্থানে গতকাল রবিবার সকাল ৭টার দিকে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর (২৫) ও শফিকুল (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের বাড়ি নওগাঁর পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ভাটখৈইর গ্রামে। গতকাল সকাল ৭টার দিকে নিহত দুই মোটরসাইকেল আরোহী পোরশা উপজেলার সরাইগাছী এলাকা থেকে নাচোল উপজেলার দিকে যাওয়ার পথে আড্ডা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুিখ সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী দুই জন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, রবিবার রাতে শ্রীনগর উপজেলার সমষপুরে বাসের ধাক্কায় ৪ মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, একটি মোটরবাইকে ৪ আরোহী মাওয়া যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে ৪ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।