১৮ ডিসেম্বরের হরতাল সফল করার আহ্বান
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ১৮ ডিসেম্বর সিপিবি-বাসদ আহূত হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেছেন, মুক্তিযুদ্ধের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত শেষ করতে হবে। ঘাতক জামাত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। সরকারের নানা দোদুল্যমানতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। জামাতের সহিংসতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে আজ রুখে দাঁড়াতে হবে।
গতকাল বিজয় দিবস উপলক্ষে ‘গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’ গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গাজীপুরের বড়বাড়ি মেলার মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবু জাফর এসব কথা বলেন। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গাজীপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ।