ঈশ্বরদীতে দুই পক্ষের
মধ্যে গোলাগুলি
পুলিশসহ আহত ৩
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
ঈশ্বরদীতে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে গুলি বিনিময় এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের সার্জেন্ট সোহরাব হোসেন, আওয়ামী লীগের আলহাজ্ব আরিফুল ইসলাম আলম ও একজন পথচারী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে রেলগেট এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের ২০-২৫ জন এসে কাউকে খোঁজ করছিল। এ খবর ছড়িয়ে পড়লে রেলগেটের পশ্চিম পাশ থেকে বিএনপি সমর্থিত যুবদল ও ছাত্রদলের বেশ কিছু ছেলে এসে তাদের তাড়া করলে শুরু হয় গোলাগুলি ও বোমা বিস্ফোরণ।
গুলি ও বোমার আওয়াজে আতংকগ্রস্ত পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। দ্রুত ঘটনা বাজার এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময়ে হামলাকারীরা একটি বেবি ট্যাক্সি ও একটি মোটর সাইকেল ভাংচুর করে বলে খবর পাওয়া গেছে। রেলগেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় দোকানদাররা জানিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।