ঐক্যবদ্ধ হয়ে জামায়াত শিবিরকে উচ্ছেদের সময় হয়েছে :তথ্যমন্ত্রী
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশ স্বাধীনতার ৪১ বত্সর পার করলেও একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক গোষ্ঠীর শিকড় রয়ে গেছে। বার বার সামরিক হস্তক্ষেপের ফলে বিজয়কে সুনিশ্চিত করা যায়নি। সামরিক শাসকদের হাত ধরে যুদ্ধাপরাধী জামায়াত-শিবির তাদের শিকড় গভীরে গেড়ে বসেছে। এ চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারিনি। এ বিজয়ের মাসে চিহ্নিত জঙ্গিবাদী, যুদ্ধাপরাধী, জামায়াতী চক্র আক্রমণ পরিচালনা করছে তা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। সময় এসেছে সবাইকে এখনি ঐক্যবদ্ধ হয়ে জামায়াত শিবিরকে বিতাড়িত, দমন ও উচ্ছেদ করার। তথ্যমন্ত্রী কুষ্টিয়ার ভেড়ামারায় বিজয় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন। রাত ১২-১ মিনিটে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। উপজেলা ও পুলিশ প্রশাসন এবং পৌর পরিষদ, জাসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুবক্কার সিদ্দিক, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।