বিজয়ের সব আনন্দ ম্লান করে দিয়েছে সরকার :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলেছেন, বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার, দমন-পীড়ন এবং বিশ্বজিেক হত্যা করে বিজয়ের সব আনন্দ ম্লান করে দিয়েছে সরকার। ৪০ বছর চলে গেলেও যে প্রত্যাশায় দেশ স্বাধীন হয়েছে তা পূরণ হয়নি । গতকাল বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মওদুদ বলেন, আজকের বিজয়ের দিনটি বাংলাদেশের জনগণের জন্য গৌরবের দিন। কিন্তু বর্তমান সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এ মাসকে কলঙ্কিত করেছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, সমগ্র জাতির মতো আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক কারণে এতদিন পর এ বিচার শুরু করেছে। কারণ তারা ৭২ থেকে ৭৫ সালের পর ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলেও যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেনি। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণসহ অপকর্মে জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে তা স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের বিচার ব্যবস্থায় হতে হবে। তিনি অভিযোগ করে বলেন, মানবাধিকার লঙ্ঘন চরম আকার ধারণ করেছে এ সরকারের আমলে। দলীয় নেতাকর্মীদের দিয়ে বিশ্বজিতের মতো সাধারণ একজন মানুষকে দিনে-দুপুরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে।