জাপানের প্রধানমন্ত্রী
হচ্ছেন শিনজো আবে
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
জাপানে ভোট পরবর্তী জরিপে দেখা গেছে, রক্ষণশীল দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জয়লাভ করেছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার সরকার বড় ব্যবধানে হেরে গেছে। গতকাল রবিবার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। পর্যবেক্ষকদের মতে, ভোটাররা অনিচ্ছা সত্ত্বেও বিরোধী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আবার জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন।- খবর বিবিসি ও এএফপির।
এলডিপি ২০০৯ সাল পর্যন্ত একটানা ৫০ বছর জাপান শাসন করে। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি অব জাপানের কাছে তিন বছর আগে এলডিপি শোচনীয়ভাবে হেরে গিয়েছিল। এবার ভোটাররা বলেন, ক্ষমতাসীনরা তাদের প্রতিশু্রতি পূরণে ব্যর্থ হয়েছে। শিনজো আবে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কঠোরতর নীতি অবলম্বনের রূপরেখা তুলে ধরেছেন। তিনি ২০০৬-০৭ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০ বছর ধরে স্থবির থাকা জাপানের অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবার।