গুজবের হাওয়া প্রসঙ্গে ইমন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:২৩
‘অযথা গুঞ্জনে কান দেওয়ার মতো সময় নেই আমার’—বললেন ইমন। মিডিয়াতে সাম্প্রতিক সময়ের বিয়ের খবরের পাশাপাশি নিরব-সারিকার প্রেমের ভাঙন, সোয়েব-মৌসুমী নাগের প্রেম, অতঃপর নিলয়-শখের প্রেমের ইতি এবং নাটকের সর্বশেষ অংকে ইমনের সাথে সারিকার নতুন সম্পর্ক এই সব খবর যখন বাতাসে ছোটাছুটি করছে, তখন এইগুলো নিয়ে ইমনকে প্রশ্ন করতেই সোজাসাপ্টা বললেন, ‘আমি ভাই কাজের ভেতরে থাকতে চাই। এত প্রেম করলে কাজ করব কখন? কেন, কীভাবে এই সব খবর ছড়ায় জানি না।’
উল্লেখ্য, সম্প্রতি তন্ময় তানসেনের প্রথম চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন। তার বিপরীতে রয়েছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মীম। নিজের সাম্প্রতিক কাজ নিয়ে ইমন বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে পরপর কয়েকটি খুব ভালোমানের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। যার ভেতরে ‘পদ্ম পাতার জল’ একটি। নিজেকে কাজের ভেতরে ডুবিয়ে রাখতে চাই আপাতত। অন্য কিছু ভাবার অনেক সময় পড়ে আছে সামনে।’