শেষ হলো শিল্পকলার বিজয় আয়োজন

গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজনে সকালে একাডেমীর কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক প্রদান এবং সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালায় আলোচনাসভা, স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ কর্মসূচির আওতায় নির্মিত, দীপা খন্দকারের নির্দেশনায় নৃত্যনাট্য ‘শঙ্কাহীন পথচলা’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, নজরুল সংগীতশিল্পী পরিষদ ও গণসংগীত সমন্বয় পরিষদ। একক সংগীত পরিবেশন করেন শিল্পী শিবু রায়, সালমা চৌধুরী, নমিতা ঘোষ, আমজাদ দেওয়ান, শাহীন সামাদ ও শেখ জমির উদ্দিন। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী কাজী আরিফ, মনজুরুর রহমান এবং রেজিনা ওয়ালী লীনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। গতকাল সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি।