আরো এগিয়ে গেলো বার্সা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
ব্যাপারটা অনেকটা নিয়মের মতো হয়ে দাঁড়িয়েছে। মেসি জোড়া গোল করবেন, আর তাতে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়বে বার্সেলোনা। গতকাল শক্তিশালী দল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষেও এর ব্যতিক্রম হল না। দর্শনীয় ফুটবলের প্রদর্শনী দিয়ে রাদামেল ফ্যালকাওয়ের দলের বিপক্ষে ৪-১ গোলে জয় পেলো কাতালান দল। তবে, বার্সার বিজয়ের দিনে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই ছিটকে গেলো রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা দল এস্প্যানিওলের সাথে তারা ২-২ গোলে ড্র করে।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এই জয়ে ১৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৪৬। সমানসংখ্যক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ তাদের থেকে এখন ১৩ পয়েন্ট পিছিয়ে। অনেকটাই মলিন হয়ে গেলো গতবারের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদের শিরোপার স্বপ্ন। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৭।
ফ্যালাকাওয়ের কৃতিত্বে চলতি মৌসুমে ভালোই চমক দেখাচ্ছিল অ্যাথলেটিকো। মৌসুমের দ্বিতীয় শীর্ষ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি।
খেলার প্রথমার্ধে ৩১ মিনিটে ফ্যালকাও অ্যাথলেটিকোকে এগিয়ে নিলেও আদ্রিয়ানো ও সার্জিও বুস্কেটসের গোলে বিরতির আগেই খেলায় ফেরে বার্সা। ৩৬ মিনিটে গোল করেন আদ্রিয়ানো। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে দলকে এগিয়ে নেন সার্জিও বুস্কেটস। ২০১২ সালের মতো একটি সাফল্যময় বছরে শেষ পালক জুড়তে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মেসি। ৫৭ মিনিটে অ্যাথলেটিকোর ডিফেন্ডার হুয়ানফ্রানকে কাটিয়ে ১৮ গজ দূর থেকে বল জালে জড়ান। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি করার মাধ্যমে নিজের ৯০তম গোলের মাইলফলক পূরণ করেন। এর ফলে চলতি মৌসুমে খেলার শেষ চার মিনিটে মেসির গোলের সংখ্যা হলো ৩৪।
৪-১ গোলের দুর্দান্ত এ জয়ে টিটো ভিলানোভার বাহিনী দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে আরও তিন পয়েন্ট এগিয়ে গেল। এছাড়া লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো টানা ১৬ ম্যাচে জয়ী থাকার রেকর্ড করল বার্সা। দুদলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন নয় পয়েন্ট।
রবিবার হোম ম্যাচে টানা সাত ম্যাচ জিতে রেকর্ডের হাতছানি ছিল রিয়ালের। কিন্তু ৩১ মিনিটে সার্জিও গার্সিয়ার গোলে শুরুতেই রিয়ালকে পেছনে ফেলে এস্প্যানিওল। ৪৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো সমতা ফেরান দলকে। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় ফ্যাবিও কোয়েন্ত্রাও গোল করে রিয়ালকে প্রত্যাশিত জয়ের ইঙ্গিত দেন। তবে ৮৮ মিনিটে হুয়ান অ্যালবিনের গোলে এস্প্যানিওল রুখে দেয় চ্যাম্পিয়নদের।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে বার্সেলোনা দলের কোচ টিটো ভিলানোভা বলেন, ‘এই মৌসুমে আমরা অনেক পয়েন্ট অর্জন করেছি। তবে এই ব্যাপারটা আমাদের জন্য মোটেই সহজ ছিল না। আমরা কঠোর পরিশ্রম করে নিজেদের যুদ্ধ জয়ের জন্য তৈরি করেছি এবং আশা করি আমরা ভবিষ্যতেও ভালো খেলার ধারা ধরে রাখতে পারবো।’
এই মৌসুমেই সাবেক কোচ পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হওয়া টিটো আরো বলেন, ‘ প্রধান কোচ হিসেবে এটাই আমার প্রথম মৌসুম। আমরা রিয়াল মাদ্রিদের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে থাকতে পারি; তবে, আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের তাদের মাঠ স্যান্টিয়্যাগো বার্নাব্যুতে গিয়ে ম্যাচ খেলতে হবে। আরো একটি দল আছে যারা আমাদের থেকে মাত্র নয় পয়েন্ট পিছিয়ে আছে। এখনই শিরোপা নির্ধারণ করে ফেলা তাই বোকামি হবে। মৌসুমে এখনো অনেকগুলো ম্যাচ বাকি। এই সময়ে অনেক কিছুই ঘটে যেতে পারে। ২০০৯ সালে এমনটাই ঘটেছিল। এবারো তেমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।’
এই মৌসুমে এখন পর্যন্ত ৯০টি গোল করা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রশংসা করে তিনি বলেন, ‘ মেসি সত্যিকার অর্থেই একজন দর্শনীয় খেলোয়াড়। এই মুহূর্তে সেই সেরা, নিজের পজিশনে কোন ধরনের ফুটবল খেলতে হয় সেটা তার ভালোভাবেই জানা আছে।’
রবিবারের ম্যাচের ফলাফল
রিয়াল জারাগোজা ০ লেভান্তে ১
ভ্যালেন্সিয়া ০ রায়ো ভ্যালেকানো ১
রিয়াল মাদ্রিদ ২ এস্প্যানিওল ২
বার্সেলোনা ৪ অ্যাথলেটিকো মাদ্রিদ ১