জীবনযুদ্ধে পরাজিত মতলবের বীর বিক্রম আঃ ছালাম

দেশ মাতৃকার জন্য বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেও জীবন যুদ্ধে এক পরাজিত সৈনিক বীর বিক্রম আব্দুছ ছালাম। স্বাধীনতার ৪১ বছর পরও দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে চলছেন তিনি। চিকিত্সার অভাবে রোগ-শোকে-ভোগে মারা গেছে তার সহধর্মিণী মমিনা খাতুন। তার দুই ছেলে আলম (৩৬) ও ইব্রাহীম (৩১) বেকার। দুই মেয়ের বিয়েও হয়েছে দরিদ্র পরিবারে। বীর বিক্রম ছালামের একমাত্র আয় মুক্তিযোদ্ধা ভাতা। সহায়-সম্বল বলতে একটা পুরনো জীর্ণ-শীর্ণ ঘর। কোনো জমি-জমা নেই। তার মুক্তিযোদ্ধা তালিকায় মুক্তি বার্তা নং (০২০৫০২০৪০৪)। বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন্থ ছোট হলদিয়া গ্রামে। স্বাধীনতা যুদ্ধে আব্দুছ ছালাম কুমিল্লা অঞ্চলে ২নং সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হায়দারের নেতৃত্বে যুদ্ধ করেন। ৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে চলে যান ভারতের মেলাঘরের অম্পিনগরে। সেখান থেকে ৪ সপ্তাহের বিশেষ ট্রেনিং নিয়ে বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশ নেন। সম্মুখ সমরে বীরত্বপূর্ণ এ অবদানের জন্য তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। স্বাধীনতার ৪১ বছর পূর্তি উপলক্ষে বীর বিক্রম ছালামের আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে নিজের দৈন্যতার কথাই প্রকাশ করেন।