পানছড়িতে ভিজিডি কার্ড বিতরণে দুর্নীতি

পানছড়ি উপজেলায় ভিজিডি কার্ড বিতরণে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, হতদরিদ্র ও অসহায় দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ভিজিডি কার্ড বিতরণ করার কথা থাকলেও বিত্তবান ও সচ্ছল লোকজনদের কাছ থেকে টাকা নিয়ে তা বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডের বিনিময়ে দুই/তিন হাজার টাকা নেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ উপজেলায় ৯৬৩টি কার্ড বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে ১নং লোগাং ইউনিয়নে ২৪২টি, ২নং চেঙ্গী ইউনিয়নে ১৪৭টি, ৩নং পানছড়ি ইউনিয়নে ৩০২টি, ৪নং লতিবান ইউনিয়নে ১৬১টি, ৫নং উল্টাছড়ি ইউনিয়নে ১৪২টি। তথ্যানুসন্ধানে দেখা গেছে, অসহায় দরিদ্র বিধবার কার্ড প্রদানকারীকে টাকা দিতে না পারায় তাদের ভিজিডি কার্ড জোটেনি। বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, সরকার বিনামূল্যে দিলেও স্বার্থান্বেষীরা নিজের আখের গোছাচ্ছে। টাকা নেয়ার অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা ও সুব্রত চাকমা বলেন, কার্ড বিতরণে টাকা নেয়ার কথা শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুপন চাকমা জানান, আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যাচাই-বাছাই করে কার্ড বাতিল করা হবে।