তালার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এখন ভিক্ষুক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:০৮
মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে দেশকে হায়নামুক্ত করতে পারলেও জীবনযুদ্ধে পরাজিত সৈনিক তালার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আজ ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। শুধু তাই নয়, স্বাধীনতা-বিরোধী একটি প্রভাবশালী চক্র তাকে ভিটা-মাটি ছেড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে পথে বসাতে উঠে-পড়ে লেগেছে। জীবনের শেষপ্রান্তে এসে চরম নির্যাতন আর বঞ্চনার শিকার প্যারালাইসিস আক্রান্ত বৃদ্ধ মোহাম্মদ আলীর কাছে মানুষের করুণাই আজ বেঁচে থাকার একমাত্র অবলম্বন। উপজেলার মুড়াকলিয়া গ্রামের মো.আব্দুল জব্বারের পুত্র মোহাম্মদ আলী মোড়ল মাত্র ২১ বছর বয়সে দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সেক্টর কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে জীবন বাজি রেখে দাপিয়ে বেড়ান সাতক্ষীরার কালিগঞ্জ, পারুলিয়া, যশোরের রাজারহাট এলাকায়। মোহাম্মদ আলী আবেগজড়িত কণ্ঠে বলেন,“যে লক্ষ্যকে সামনে রেখে সেদিন দেশকে স্বাধীন করেছিলাম, তার বাস্তবায়ন আজও ঘটেনি। স্বাধীনতা-বিরোধী এক ব্যক্তি আমাকে ভিটা-মাটি ছাড়ার পাঁয়তারা করছে।”একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে মামলার টাকা যোগাড় করতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে নিয়তির সাথে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘উওরণ’ মামলার ব্যয়ভার গ্রহণ করলেও জীবিকার তাগিদে সারাক্ষণ দুয়ারে দুয়ারে হাত পাততে হয় তাকে। পরিচিতজনদের কাছে মোহাম্মদ আলীর হাত পাততে লজ্জা লাগে। মোহাম্মদ আলীর স্ত্রী এখন অন্যের জমিতে কামলার কাজ করে। একমাত্র মেয়েকে প্রায় ৬ বছর আগে পাত্রস্থ করেছেন। বর্তমানে তালার রাজপথে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভিক্ষুকবেশী মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি মাত্র।