কাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৪
কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন ওই ইউপির সদস্যগণ। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগপত্রে তারা ওই চেয়ারম্যানের নানা অনিয়ম-দুর্নীতির কথা উল্লেখ করেছেন। অভিযোগে প্রকাশ, শুরু থেকেই ওই চেয়ারম্যান একক সিদ্ধান্তে পরিষদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন। দেড় বছর পেরিয়ে গেলেও তিনি এখনো প্যানেল চেয়ারম্যান গঠন করেননি। গত অর্থবছরের জিওবি’র অর্থে নলকূপ ক্রয় ও বিতরণকালে সুবিধাভোগীদের কাছ থেকে ছত্রিশ হাজার টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। ইউনিয়ন পরিষদের জন্য এলজিএসপি-এলআইসি’র দেয়া একলক্ষ এক হাজার টাকার আসবাবপত্র তিনি নিজের বাড়িতে ব্যবহার করছেন। গত জুলাই মাসের ভিজিএফ’র ২১ দশমিক ৫০০ টন চাল গুদাম থেকে উত্তোলনের পর ১০ টন চাল কালোবাজারে বিক্রি করে সে অর্থ তিনি আত্মসাত্ করেছেন। এ কারণে ইউপি সদস্যগণ ওই মাস্টার রোলে স্বাক্ষর করেননি। এ বিষয়ে ওই সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। এ বছর হোল্ডিং নম্বর প্রদানের বিপরীতে প্রতি খানা থেকে আদায়কৃত ১০০ টাকা করে মোট ৭ লক্ষ টাকা উক্ত চেয়ারম্যান আত্মসাত্ করেছেন বলে ইউপি সদস্যগণ অভিযোগপত্রে উল্লেখ করেছেন। অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আব্দুল বারেক বকুল বলেন, সদস্যদের মাঝে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার তদারকি করি বলে তারা আমার প্রতি ক্ষুব্ধ। এজন্য আমাকে হেয়প্রতিপন্ন করতে তারা ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন।