ফটিকছড়িতে গিরগিটি কিনতে গিয়ে খুন হয় সাইফুল
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৪
অবশেষে দীর্ঘ দুইমাস পর ফটিকছড়িতে সাইফুল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘাতক আলমগীর ১০ ডিসেম্বর আদালতে দেয়া স্বীকারোত্তি-দ্ধমূলক জবানবন্দিতে উক্ত হত্যাকাণ্ডের ঘটনা জানা যায়। গত ৬ অক্টোবর উপজেলার দাঁতমারা রাবার বাগান থেকে ভুজপুর থানা পুলিশ অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে। সে সময় লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। ৫ ডিসেম্বর হাটহাজারী সার্কেলের এএসপি আফম নিজামউদ্দিন নাজিরহাট থেকে উপজেলার দাঁতমারা ইউপির ইসলামপুর গ্রামের জনৈক মৃত জামাল সওদাগরের ছেলে মো. আলমগীরকে (৩৫) গ্রেপ্তার করে। পুলিশ তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করে। নিহত ব্যক্তি উত্তর ফটিকছড়ির হেয়াকো বাজারে আসার সুবাদে ধৃত আলমগীরের সাথে পরিচয় হয় এবং উক্ত ব্যক্তির নাম সাইফুল বলে সে জানায়। তবে তার বাড়ি কোথায় তা সে জানে না। নিহত ব্যক্তি গিরগিটি ব্যবসায়ী বলে জানায়। তার সাথে উক্ত ব্যক্তির একটি গিরগিটি বিক্রির জন্য ৭ লাখ টাকা দরদাম হয়। গিরগিটি আনার জন্য ইসলামপুরে তার বাড়িতে গেলে দেখা যায় গিরগিটিটি দেড়শ গ্রাম ওজনের। ফলে সে এটি কিনতে অপারগতা প্রকাশ করে। অতঃপর তাকে রাবার বাগানের ভেতর নিয়ে ৬ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে।