মোরেলগঞ্জে হামলায় বিএনপি ও জামায়াতের ১৩ জন আহত

বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার বিজয় দিবসে বিএনপির একাংশের মিছিল ও জামায়াত পরিচালিত আবু হুরাইরা দাখিল মাদ্রাসার ছাত্রদের কর্মসূচিতে হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। হামলায় আবু হুরাইরা দাখিল মাদ্রাসার এবতেদায়ী শিক্ষক মাওলানা সোহরাব হোসের গাজী, শরীরচর্চা শিক্ষক খান মোতাচ্ছির বিল্লাহ ও দাখিল ১০ম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান আহত হয়েছে। প্রকাশ, সকালে বিজয় দিবসের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিবছরের ন্যায় আবু হুরাইরা দাখিল মাদ্রাসার ছাত্ররা ব্যানার নিয়ে উপজেলা প্রশাসন মাঠের উদ্দেশ্যে যাচ্ছিল। বারইখালী ব্রিজের উপর পৌঁছালে ক্ষমতাসীন দলের কতিপয় ক্যাডার তাদের উপর হামলা চালায় এবং ব্যানার ছিঁড়ে ফেলে। অপরদিকে উপজেলা বিএনপির একাংশ ও জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে একটি মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা করে। হামলায় কাজী খায়রুজ্জামান শিপন, এফএম শামীম আহসান, রনি, সোহেল, মহিম কাজী, মাজহারুল, নাজমুল, জুয়েল, রুবেলসহ কমপক্ষে ১০ জন আহত হয়।