সংবাদ সংক্ষেপ

পিরোজপুরে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প পিরোজপুর অফিস \ মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার পিরোজপুরে হামদর্দ কার্যালয় গরীব ও অসহায় রোগীদের ফ্রি চিকিত্সা ও ওষুধ বিতরণের আয়োজন করে। সকালে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে চিকিত্সা প্রদান করে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইদ্রিস মিয়া। দৌলতপুরে বোমা হামলায় মহিলা নিহত দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুরে গরুচোরের বোমার আঘাতে লতিফুন্নেছা (৪০) নামে এক মহিলা নিহত হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা পূর্বপাড়া গ্রামে। রবিবার একদল চোর তেকালা পূর্বপাড়া গ্রামের রূপচাদের বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় গৃহকর্তা ও গ্রামবাসী চোরদের ঘিরে ফেলার চেষ্টা করলে চোরের দল ৩/৪টি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। নাসিরনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নাসিরনগর সংবাদদাতা \ মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি। ঘোড়াঘাটে ওয়ার্ল্ডভিশনের কম্বল বিতরণ ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ সোমবার ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এডিপি কর্তৃক ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শীতার্ত মানুষের মাঝে সাড়ে ৪শ’ কম্বল বিতরণ করেছে। এসব কম্বল ওয়ার্ল্ডভিশনের দলের মধ্যে হতদরিদ্র, আইডি শিশু পরিবারের দরিদ্র ও এলাকার অতিদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়। পীরগঞ্জে বিনামূল্যে ওষুধ প্রদান পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার হামদর্দ ল্যাবরেটরিস (ওয়াকফ) বাংলাদেশের পীরগঞ্জ শাখায় গরীব ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়। উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আলহাজ্ব মো. নজরুল ইসলাম। মধুখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ রবিবার ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে মধুখালী পাইলট মাঠে উপজেলার তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। উপজেলা নির্বাহী অফিসার মিরাজুল ইসলাম উকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমেন্দ্রনাথ বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী। কক্সবাজারে বঙ্গবন্ধু স্টেডিয়াম উদ্বোধন কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজার সদরে ঈদগাঁওতে বঙ্গবন্ধু স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ সংলগ্ন বনবিভাগের জমিতে জেলা পরিষদের উদ্যোগে এই স্টেডিয়াম গড়ে তোলা হয়। রবিবার জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরী এ স্টেডিয়াম উদ্বোধন করেন। চাটমোহরে অনুদানের চেক বিতরণ চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ মহান বিজয় দিবসে চাটমোহরে এক দুস্থ মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান হিসেবে ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে রবিবার পাবনা-৩ আসনের এমপি মো. মকবুল হোসেন এই চেক বিতরণ করেন। মহালছড়ি শহীদ স্মৃতি ভাস্কর সংস্কার মহালছড়ি সংবাদদাতা \ মহালছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম-এর স্মৃতিভাস্কর অনেকদিন যাবত্ অবহেলায় পড়েছিল। মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল শহীদুল ইসলাম নিজ উদ্যোগে ভাস্করটি সংস্কার করে। স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন ক্যাপ্টেন শহীদ আফতাবুল কাদের (বীর উত্তম)। কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে নবীনবরণ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে নগরীর পদুয়ার বাজার এলাকায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে মহান বিজয় দিবস উদযাপন এবং নবাগত ছাত্র-ছাত্রীদেরকে স্বাগত জানিয়ে নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হোমনায় যুবদল নেতা গ্রেফতার হোমনা সংবাদদাতা \ কুমিল্লা হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোশারফ হোসেনকে (৩৪) গ্রেফতার করে সোমবার কুমিল্লা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার জয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে জাসাসের মানববন্ধন ঠাকুরগাঁও প্রতিনিধি \ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঠাকুরগাঁও জেলা শাখা। সোমবার শহরের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্ল¬াহ মাসুদ । নেত্রকোনায় যুদ্ধাপরাধীদের বিচার দাবি নেত্রকোনা প্রতিনিধি \ আটপাড়া উপজেলা শহীদ মিনার মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, মোয়াজ্জেম হোসেন হাদিস উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবু নাসের তালুকদার এবং মিজানুর রহমান নন্দন। ভালুকায় স্কুলছাত্রী উদ্ধার হয়নি ভালুকা সংবাদদাতা \ ভালুকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের তিনদিন অতিবাহিত হলেও পুলিশ অপহূত ওই স্কুলছাত্রীতে উদ্ধার করতে পারেননি। তবে এ ঘটনায় রুবেল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ভরাডোবা গ্রামের জয়নাল তালুকদারের কন্যা ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খায়ের বাজার এলাকা হতে একই উপজেলার বরাইদ গ্রামের শাহজাহানের পুত্র সোহাগ (২৩) কয়েকজন সহযোগী নিয়ে একটি অটো সিএনজি গাড়িতে জোরপূর্বক ওই ছাত্রীকে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উখিয়ায় পাচারকারী চক্রের দালাল গ্রেফতার উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় আদম পাচারকারী চক্রের সদস্য সোনারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মীর আহাম্মদের পুত্র শফিউল আলম (৩৫)কে গ্রেফতার করেছে। উখিয়া থানার এস.আই মুহিদুল আলম জানান, তার বিরুদ্ধে উখিয়া থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেতাবগঞ্জে মোটরসাইকেল চোর নিহত বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সেতাবগঞ্জ পৌর এলাকার স্টেশনপাড়ার ২ যুবক একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়ে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের নেতা গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে কসবা থানা-পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা সদরের দারোগা বাড়িতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবিরের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শরীফ (৩২)কে আটক করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে খুন গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের চরধুরুয়া গ্রামে রবিবার জমি সংক্রান্ত বিরোধে জালাল উদ্দিন (৭০) নামের এক কৃষক খুন হয়েছেন। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিপক্ষের সাইফুল ইসলাম নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। হোমনায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ হোমনা সংবাদদাতা \ হোমনা ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কলেজ শাখা ছাত্রলীগ। সোমবার কলেজ শাখা ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ, আল-আমিন ও মাইনুদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিল সহকারে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে।