কাজের ক্ষেত্রে ঐক্য না থাকলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয় না ------আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হয়। আমি গত ৩৪ বছর সংসদে এবং ১৭ বছর সরকারে অবস্থান করে সব সময় বলে এসেছি রাজনীতি যার যার নিজস্ব আদর্শভিত্তিক। কিন্তু কাজের ক্ষেত্রে এক না থাকলে উন্নয়ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না। এলাবাসীকে অবশ্যই জনপ্রতিনিধিদের প্রতি আস্থা ও সমর্থন জানাতে হবে এবং নেতাদেরও জনগণের প্রতি ভালবাসা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তাঁর নিজ নিজ কর্তব্য কাজের প্রতি আন্তরিক হতে হবে।

গতকাল রবিবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এই মন্ত্রী আরো বলেন, প্রশাসনিক কাজ প্রশাসন করবে, রাজনীতিবিদরা রাজনীতি করবেন। স্ব স্ব এলাকার উন্নয়ন কাজে দায়িত্ব পালন করবে নির্বাচিত সংসদ সদস্যগণ। পরাধীন আমলের রাজনীতি এবং স্বাধীনতা পরবর্তী রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য নির্ধারণ করেই আমাদের সকলকে কাজ করতে হবে। আমি কাজে বিশ্বাস করি বলেই বিগত ৩৪ বছর এলাকায় রাজনীতির কথা বলিনি।

বিকালে উপজেলার নবনির্মিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয় ও স্টোর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, আজকের দিনটি কাউখালীবাসীর জন্য একটি উল্লেখযোগ্য দিন। এখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে একটি সফল স্থাপনার নির্মাণ শেষ করে আমরা তা উদ্বোধন করতে সক্ষম হলাম। এই জন্য এ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, স্বাধীনতার পূর্বাপর রাজনীতির সঠিকভাবে তফাত্ অনুধাবনে ব্যর্থতার কারণে আমরা এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির উন্নয়ন ক্ষেত্রে অনেক দিন ধরে জটিলতার আবর্তে ঘুরপাক খাচ্ছি। দুই দুই বার বড় ধরণের বরাদ্দের পরও হাসপাতাল কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কখনও মাঝ পথে থমকে গেছে, কখনও বরাদ্দ পেয়েও কাজ শুরু করা যায়নি। একজন স্বনামধন্য রাজনীতিবিদ তথা সাবেক স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের এই কাজটি সম্পন্ন করার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, তা-ও আমরা রাজনীতির অপপ্রয়াসের খপ্পরে পড়ে সফল করতে পারিনি। তিনি বলেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকার বাজেট হয়, বছর শেষে দেখা যায় বরাদ্দকৃত অর্থ অব্যয়িত থাকে। এটা সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ব্যর্থতা। সরকারি কাজের পিছনে লেগে পড়ে থাকতে হয়।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, কাউখালী অনেক ভাল জায়গা, এখানে অনেক বড় বড় কর্মকর্তা বসবাস করেন। কাজ সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ বলেছেন, পরিশ্রম করো, কাজ করো। এ সরকার কাজের সরকার, অতীতে এত কাজ কোন সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনভর পরিশ্রম করেন, প্রত্যুষে উঠে তিনি কাজ শুরু করেন এবং গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন। তারমত এলাকার কাজে এলাকার মানুষকে উদ্যোগী হতে হবে।

অনুষ্ঠানে উপজেলার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, পিরোজপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রামকৃষ্ণ দাস, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে আনোয়ার হোসেন মঞ্জু দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন।

রাতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি কাউখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। এখানে নবনির্বাচিতদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন ও সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদের মহিলা সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী ও সদস্য জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মাহমুদ খান খোকন ও মো. দেলোয়ার হোসেন, জাতীয় পার্টি-জেপির উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার এবং যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল হাসান।