ইতিহাসের বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা

হোবার্ট টেস্ট জিততে হলে শ্রীলঙ্কাকে চতুর্থ ইনিংসে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করতে হবে। সেটা ইতিমধ্যে আরও কঠিন বানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার বোলাররা। ৩৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে গতকাল চতুর্থ দিনই ৬৫ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলেছে লঙ্কানরা। আজ হোবার্ট টেস্টের শেষ দিন ৮ উইকেট হাতে রেখে সফরকারীদের প্রয়োজন আরও ৩২৮ রান। বিনা উইকেটে ২৭ রান নিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ দিনের খেলা শুরু করে। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে এড কাওয়ানকে সঙ্গে নিয়ে ডেভিড ওয়ার্নারের ১৩২ রানের বড় জুটি অসিদের শক্ত অবস্থানে নিয়ে যায়। লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের কাছে ওয়ার্নার নিজের উইকেট বিলিয়ে দিলে অসি ব্যাটিং লাইনে বিপর্যয় নামে। ওয়ার্নার ব্যক্তিগত ৬৮ রানে মাঠ ছাড়লে কাওয়ানও ৫৬ রানে তাকে অনুসরণ করে সাজঘরে ফেরেন। এ বিপর্যয় সামাল দেন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও মাইক হাসি। তবে ব্যক্তিগত ৫৭ রানে হ্যামস্ট্রিংয়ে চোঁট পাওয়ায় স্বেচ্ছায় মাঠ ছাড়েন ক্লার্ক। হাসি ইনিংসের শেষ পর্যন্ত লড়ে গেছেন। ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। অসি ব্যাটিং লাইনে ধস নামান হেরাথ ও চানাকা ওয়ালেগেদারা। হেরাথ সর্বোচ্চ ৫টি ও ওয়ালেগেদারা ৩টি উইকেট দখল করেন। বাকি ১ উইকেট নেন শামিন্দা এরাঙ্গা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে প্রথম লঙ্কান উইকেটের পতন ঘটে। আগের ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচানো তিলকরত্নে দিলশান ১১ রানেই শেন ওয়াটসনের শিকার। দলে ২১ রান যোগ করতে মাঠ ছাড়েন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে (৩০)। উইকেটটি নেন মিচেল স্টার্ক। কুমার সাঙ্গাকারা ১৮ রানে ও মাহেলা জয়াবর্ধনে ৫ রানে অপরাজিত আছেন।