জেলা ও বিভাগীয় ফুটবলের পাশে প্রাইম ব্যাংক

বাংলাদেশের ফুটবলের ভিশন হচ্ছে কাতার ২০২২ বিশ্বকাপ। ওই আসরকে লক্ষ্য রেখে খেলোয়াড় তৈরি করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ের ফুটবলটা আরো বেশি চাঙ্গা করতে চায় বাফুফে। তাদের সাথে এক হয়ে কাজ করতে এগিয়ে এসেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক। গতকাল দুপুরে ফুটবল ভবনে বাফুফে এবং প্রাইম ব্যাংকের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। তিন কোটি টাকার চুক্তির মধ্যে গতকাল দেড় কোটি টাকার একটি ডামি চেক তুলে দেয়া হয়েছে বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিনের হাতে। এসময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি আরিফ খান জয়, তাবিথ এম আউয়াল, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা, এমডি এহসান খসরু, তোফাজ্জাল হোসেনসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবং বাফুফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সালাহউদ্দিন বলেন, আমাদের ভিশন ২০২২ লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হলে তৃণমূল পর্যায় ফুটবল থেকে আগামী প্রজন্মের খেলোয়াড় তুলে আনতে হবে। আর এজন্য প্রাইম ব্যাংক আমাদের ফুটবলের জন্য পার্টনার। ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আমাদের মতো অন্য ব্যাংকগুলোকে ফুটবলের জন্য এগিয়ে আসা উচিত। আমরা শুধু ক্রিকেটকে প্রাধান্য দেই এটা ঠিক না। আমরা ফুটবলকেও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই।’ ব্যাংকের এমডি এহসান খসরু বলেন, আমরা ব্যাংকের আয়ের চার ভাগ অর্থ খেলাধুলায় ব্যয় করে থাকি। জেলা ফুটবলের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক। তবে কো-স্পন্সর হিসাবে অন্যরাও এগিয়ে আসতে পারবে। বাফুফে জানিয়েছে, আগামী বছর জেলা ও বিভাগীয় পর্যায় থেকে চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।