চ ট্ট গ্রা মে র খে লা ধু লা
জাতীয় টেবিল টেনিস শুরু
হচ্ছে আজ
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:২২
এবি ব্যাংকের সৌজন্যে ৩৩তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা আজ মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে। ২টি সার্ভিসেস দল, ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ সমগ্র দেশ হতে ৩৮টি দল ছয়দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিতে তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ৩২টি জেলা ও ৩টি বিভাগ রয়েছে। পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতসহ ৭টি ইভেন্টে সর্বমোট ১৮৩ জন খেলোয়াড় প্রথমে লিগ পদ্ধতিতে খেলবে। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪ জন রয়েছে মহিলা খেলোয়াড়।
অংশগ্রহণকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য আবাসনের ব্যবস্থা করেছে আয়োজক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। অন্যদিকে দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা, আম্পায়ারদের সম্মানীসহ যাবতীয় পুরস্কারের ব্যয় বহন করবে টেবিল টেনিস ফেডারেশন।
সপ্তাহব্যাপী প্রতিযোগিতার জন্য ১০ লাখ ৬৫ হাজার টাকার একটি বাজেট ধরা হয়েছে। চট্টগ্রামের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকে গ্রুপ দিচ্ছে ৫ লাখ টাকা। অবশিষ্ট অর্থ জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
আজ সকাল থেকে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম ভবনে খেলা শুরু হবে। তবে উদ্বোধন অনুষ্ঠান থাকছে বিকালে। বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। ফেডারেশনের সভাপতি মো. আবদুল করিম বিশেষ অতিথি থাকবেন। জাতীয় টেবিল টেনিস শুরুর প্রাক্কালে গতকাল সোমবার সিজেকেএস সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংগঠনিক কমিটির সম্পাদক আ জ ম নাছির উদ্দিন টেবিল টেনিস আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন। ফেডারেশনের সহ-সভাপতি কাজী মঈনুজ্জামান, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সিজেকেএস সহ-সভাপতি শাহেদ আজগর চৌধুরী, শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, শাহাজাদা আলম, সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. কামাল উদ্দিন, মিডিয়া উপ-কমিটির আহবায়ক আলী আব্বাস এ সময় উপস্থিত ছিলেন।