কাউখালীতে শ্রমিকদল
নেতাকে হত্যা চেষ্টার
প্রতিবাদে বিক্ষোভ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:০৮
কাউখালী উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক ও সদর ইউপি সদস্য মীর মনির হোসেন মিরাজকে (৩৮) গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে গতকাল সোমবার এলাকাবাসি শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও দাসেরকাঠি গ্রামবাসিসহ দুই সহস্রাধিক লোক অংশ নেয়।
মিছিল শেষে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ- সভাপতি মোশারেফ হোসেন শুক্কুরের সভাপতিত্বে কাউখালীর উত্তর বাজার বালুর মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম আহসান কবির। এছাড়া সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান ও কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড কৃষ্ণ লাল গুহ, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমীনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাইদ মনু, আব্দুল লতিফ খসরু, বিএনপি নেতা মো. মনিরুজ্জামান মিয়া, জাতীয় পার্টি (জেপি) নেতা ও ইউপি সদস্য নেপাল চন্দ্র দে প্রমুখ।