ইলেকট্রনিক প্যানেল বোর্ড নষ্ট
হওয়ায় সিগন্যাল বাতি বন্ধ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:১৬
যানজট নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টগুলোতে স্থাপিত অটোট্রাফিক সিগন্যালের বাতি আর জ্বলছে না। সর্বশেষ ২০টি পয়েন্টে কার্যকর থাকা সিগন্যাল বাতিগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। এখন ৫৯টি পয়েন্টের কোন সিগন্যাল বাতি চালু নেই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগসূত্রে জানা গেছে, প্রতিটি পয়েন্টে সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের জন্য যে ইলেক্ট্রনিক প্যানেল বোর্ড ছিল তা নষ্ট হয়ে গেছে। এ কারণে সর্বশেষ যে ২০টি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বাতি জ্বলত তা বন্ধ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহসান বলেন, ‘আমরা চেষ্টা করছি বাতিগুলো আবার সচল করতে। জানুয়ারি থেকেই বাতিগুলো আবার সচল হবে।’
অন্যদিকে এসব অটোট্রাফিক সিগন্যাল বাতির জন্য বছরে ৭ লাখ টাকা বিদ্যুত্ বিল পরিশোধ করতে হয় সিটি কর্পোরেশনকে। গত ৫ বছর ধরে এই বিল সিটি কর্পোরেশন পরিশোধ করছে না। ফলে ডেসকো ও ডিপিডিসি বিদ্যুত্ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার চিঠিও দিয়েছে দুই সিটি কর্পোরেশনকে।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখাসূত্রে জানা গেছে, ২০০৪ সালের ডিসেম্বরে রাজধানীর ৫৯টি পয়েন্টে অটোট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করা হয়। ঢাকা সিটি কর্পোরেশনের আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের আওতায় হংকং ভিত্তিক এটিএস নামে একটি প্রতিষ্ঠান ২৫ কোটি টাকা ব্যয়ে এসব সিগন্যাল বাতি স্থাপন করে। সিগন্যাল বাতিগুলো স্থাপনের পর রাস্তায় যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় বেশিরভাগ পয়েন্টের সিগন্যাল বাতি যানবাহন নিয়ন্ত্রণে কোন ভূমিকা রাখতে পারেনি। পর্যায়ক্রমে ৩৯টি পয়েন্টে সিগন্যাল বাতি অকার্যকর হয়ে যায়।