মুম্বাইয়ে কমনওয়েলথ এশিয়া
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:১৬
এশিয়ার তরুণ উদ্যোক্তাদের জন্য সমৃদ্ধ পরিবেশ তৈরির উদ্দেশ্যে কমনওয়েলথ সেক্রেটারিয়েট ইন লন্ডন-এর সহযোগিতায়, দ্যা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যান্ড ইয়ং ইন্ডিয়ানস, গত ১৪ ও ১৫ ডিসেম্বর মুম্বাইয়ের বোম্বাই স্টক এক্সচেঞ্জ এই প্রথম কমনওয়েলথ এশিয়া আলায়েন্স ফর ইয়ং এনটারপ্রেনার্স সম্মেলনের আয়োজন করে। কমনওয়েলথ এশিয়া অঞ্চলের আটটি সদস্য দেশ বাংলাদেশ, ব্রুনেই, ইন্ডিয়া, মালয়েশিয়া, মালদিভেস, পাকিস্তান, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার প্রায় ২০০ জন তরুণ উদ্যোক্তা এবং ৩০ জন বক্তা এ সম্মেলনে তাদের পরিকল্পনা আলোচনা করেন এবং নতুন সম্পর্কের সূচনা করেন।
কাসমার্ক লিমিটেড-এর রাইয়ান ইসলাম, সুপ্রিম সিড লিমিটেড-এর জাকের রিয়াদ, মাল্টিমোড গ্রুপ-এর তাবিথ আওয়াল, বিওয়াইএলসির ইজাজ আহমেদ, দেশ এনার্জি লিমিটেড-এর নুহের খান, রহিম আফরোজ এর ফারাজ রাহিম এবং অনন্ত গ্রুপ-এর ইসতিয়াক আলমকে নিয়ে এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেয় কমনওয়েলথ এশিয়া আলায়েন্স ফর ইয়ং এনটারপ্রেনার্স-এর নেটওয়ার্ক পার্টনার বাংলাদেশ ইয়ুথ লীডারশীপ সেন্টার (বিওয়াইএলসি)।
সম্মেলনে তরুণ উদ্যোক্তারা একসাথে মিলে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির জন্য একটি পরিকল্পনা ইস্তেহার তৈরি করেন যা সদস্য সরকারদের কাছে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মাধ্যমে ২০১৩ সালে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য পরবর্তী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে উপস্থাপন করা হবে।
মুম্বাইয়ের নেতৃত্ব সভায় ইজাজ আহমেদ, প্রতিষ্ঠাতা এবং প্রধান, বিওয়াইএলসি বলেন, সাম্প্রতিক আইএলও সমীক্ষায় দেখা যায় যে, প্রতি বছর প্রায় ১৮ লাখ তরুণ বাংলাদেশের চাকরি বাজারে প্রবেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে মাত্র ২ লাখ এর জন্য চাকরির সংস্থান হয়। নতুন উদ্যোক্তাদের মাধ্যমে নতুন চাকরির সংস্থান করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং এই সম্মেলন দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী মঞ্চ স্থাপন করে দিয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি