শেয়ার বাজারের অনিয়ম শনাক্ত করতে সার্ভিল্যান্স সফ্টওয়্যার

পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি আইনবহির্ভূত লেনদেন সরাসরি নিয়ন্ত্রণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) সার্ভিল্যান্স সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। সোমবার এসইসি’র সম্মেলন কক্ষে সার্ভিল্যান্স সফটওয়্যারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তিনি বলেন, শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসইসির নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার অত্যন্ত জরুরি ছিল। এ সফটওয়্যার সংযুক্ত হওয়ায় এসইসি সহজে এবং কম সময়ে বাজার তদারকি করতে পারবে। শেয়ারবাজার স্থিতিশীলতায় ডিসেম্বরে ওষুধ আসছে বলে অর্থমন্ত্রী সমপ্রতি যে কথা বলেছিলেন সার্ভিল্যান্স সফটওয়্যারই কি সেই ওষুধ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, না, শেয়ারবাজারের ওষুধ হলো ডিমিউচ্যুয়ালাইজেশন (শেয়ারবাজারের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ)। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইসি’র চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, সদস্য আরিফ খান, আমজাদ হোসেন, আব্দুস সালাম শিকদার এবং হেলাল উদ্দিন নিজামীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফটওয়্যার উদ্বোধনকালে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে কে ফাঁকি দিচ্ছেন, কারা নিজেদের মধ্যে লেনদেন করছেন, কে অতিরিক্ত শেয়ার কিনেছেন, কে অতিরিক্ত বিক্রি করেছেন এসব বিষয় এই সফটওয়্যারের মাধ্যমে এসইসি সহজেই জানতে পারবে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজার সত্যিকার অর্থে একটি পুঁজিবাজার হতে পারবে। যেখান থেকে পুঁজি উত্তোলনের সুযোগ তৈরি হবে এবং বিনিয়োগকারীরা সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন। এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, বাজারে স্বচ্ছতা আনতে সার্ভিল্যান্স সফটওয়্যার সংযোজন করা হয়েছে। সফটওয়্যারটিতে তিনটি সংকেত থাকবে। লাল, সবুজ ও হলুদ। লাল সংকেত বিপদ সংকেত হিসেবে চিহ্নিত হবে। সবুজ সংকেত স্বাভাবিক সংকেত হিসেবে চিহ্নিত হবে। আর সতর্ক সংকেত হিসাবে হলুদকে বিবেচনা করা হবে। অমনিবাস হিসাবগুলোর তদারকি বিষয়ে ড. খায়রুল বলেন, একটি নির্দিষ্ট সময় পর অমনিবাস হিসাবগুলোকে আলাদা বিওতে রূপান্তর করা হবে। তখন সেগুলো সার্ভিল্যান্স সফটওয়্যারের আওতায় আসবে এবং তদারকি করা হবে। এসইসি’র সদস্য আরিফ খান বলেন, এ সফটওয়্যারটি ৩০ থেকে ৪০ ধরনের অনিয়ম শনাক্ত করতে সক্ষম। দামের অতিরিক্ত ওঠানামা, শর্টসেল, ইনসাইডার ট্রেডিং, সিরিয়াল ট্রেডিংসহ নানা অনিয়ম শনাক্ত করতে সক্ষম হবে সফটওয়্যারটি। এর মাধ্যমে যারা অনিয়ম ও কারসাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।