পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
সিলেট নগরীতে গতকাল সোমবার বিকালে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ অন্ততঃ ১০টি সাউন্ড গ্রেনেড, ৫০টি শর্ট গানের গুলি ও ৪ টি টিয়ার শেল নিক্ষেপ করে। নগরীর তিনটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের শিবগঞ্জে শাহপরান থানার ওসির গাড়িতে (পিকআপ) আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। সংঘর্ষ চলাকালে ও পরবর্তী সময়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। সিলেট কোর্ট পয়েন্টে স্থানীয় জামায়াতের গতকালের পূর্ব নির্ধারিত সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে ও কেন্দ্রীয় নেতা ডা: শফিকুর রহমানের মুক্তির দাবিতে কাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগে হরতাল ডেকেছে জামায়াত।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল বেলা আড়াইটার দিকে প্রথমে শিবগঞ্জে পূবনির্ধারিত সমাবেশে যোগদানের উদ্দেশ্যে জামায়াত শিবির কর্মীরা মিছিল বের করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে নগরীর দক্ষিণ সুরমা বাস টার্মিনাল, মদীনা মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে সমাবেশ করতে আসার সময় জামায়াত ও শিবির নেতাকর্মীদের মিছিলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে জামায়াতের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও শর্ট গানের গুলি বর্ষণ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আইয়ুব জানান, দক্ষিণ সুরমায় দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে শিবিরের ইট-পাটকেলের আঘাতে উপ-কমিশনারসহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জামায়াত সূত্র দাকি করেছে, কদমতলী ও শিবগঞ্জে পুলিশের হামলায় তাদের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে একই সময়ে শিবগঞ্জে শিবিরের মিছিল থেকে শাহপরাণ থানা পুলিশের ওসি লিয়াকত আলীর গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ শিবিরকর্মীরা। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানায়।
সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের জানান, পূর্ব নির্ধারিত সমাবেশে বাধা দেয়ায় এবং ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে ১৯ ডিসেম্বর সিলেট বিভাগে আধাবেলা হরতাল পালন করবে জামায়াত।