রাজধানীতে প্রকাশ্যে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়, দুই পথচারী আহত
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
রাজধানীর সবুজবাগ এলাকায় গতকাল সোমবার সকালে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গুলি বিনিময়ে পথচারী এক ব্যবসায়ী ও এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- ব্যবসায়ী নিপু সরকার (৩৮) ও কলেজছাত্র ইমরান হোসেন চৌধুরী (১৯)। গতকাল দুপুরের দিকে সবুজবাগ থানা এলাকার বৌদ্ধ মন্দির সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে প্রকাশ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনা প্রসঙ্গে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, সকাল সোয়া ১১টার দিকে বৌদ্ধ মন্দির সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে দায়িত্ব পালন করার সময় মোটরসাইকেল যোগে জাবেদ আলী, দনু বেপারী ও সোহেল মুগদা থেকে মালিবাগের দিকে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের থামতে বলে। কিন্তু থামার পরিবর্তে মোটর সাইকেলে থাকা দুই সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। অস্ত্রধারীদের গুলিতে রাস্তার পাশে চায়ের দোকানে বসে থাকা ব্যবসায়ী নিপু সরকার ও রিকশারোহী কলেজছাত্র ইমরান গুলিবিদ্ধ হন। নিপুর পায়ে ও চোয়ালে এবং ইমরানের পিঠে গুলি লাগে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে অস্ত্রধারী দলের সদস্য জাবেদ ও দনুকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। তবে তাদের সঙ্গে থাকা অপর সহযোগী সোহেল পালিয়ে যায়। সন্ত্রাসীদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, ১০টি গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের পক্ষ বলা হয়েছে, এই ঘটনায় এসআই নুরুল আলম সামান্য আহত হয়েছেন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া সোহেলকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।
আহত নিপু সরকার নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী। অপর আহত ইমরান গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাসা সবুজবাগের মায়াকাননে। ইমরানকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।