রাবি শিক্ষক ও দুই শিবির কর্মী গ্রেফতার

নাশকতার পরিকল্পনার গোপন বৈঠকে অংশ নেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. শাহ হোসাইন আহমদ মেহেদীকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার গভীর রাতে রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানার ফুদকিপাড়া থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকেসহ তিনজনকে আটক করে। অপর দুইজন হলেন, ছাত্রশিবিরের রাজশাহী কলেজ শাখার সেক্রেটারি মাকাউল এবং রাজশাহী পলিটেকনিক শাখার সেক্রেটারি রাজিব। মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গত ৬ নভেম্বর রাজশাহীতে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে ওই শিক্ষককে গতকাল সোমবার বিকালে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শাহ্ মখদুম থানাধীন ফুদকিপাড়ায় জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বৈঠকস্থল ঘিরে ফেলেন। এসময় আরো শতাধিক ছাত্রশিবিরের নেতাকর্মী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু গ্রেফতারকৃতরা তাদের মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। ওসি আরো জানান, আটক শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে অতীতে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষক জানান, শাহ্ হোসাইন আহমদ মেহেদী ছাত্রজীবন থেকে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতার পদ ছাড়াও তিনি ২০০২, ২০০৩ ও ২০০৪ সালে রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি আরো জানান, ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রগতিশীল প্রশাসনের আমলে নিয়োগ লাভ ও যোগদান করেন।