চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার কয়েকশ বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মী গতকাল সোমবার বকেয়া বেতনের দাবিতে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে এসে আগ্রাবাদে সড়ক অবরোধ করেছে। এ সময় ব্যস্ততম এই সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে বেপজার কর্মকর্তা ও পুলিশ বকেয়া আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। ইপিজেডের ‘নর্থফুল বিডি লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটি কয়েক মাস আগে দেউলিয়া হয়ে যায়। এই প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের বিপুল পরিমাণ পাওনা রয়েছে। গতকাল সকালে শ্রমিকরা ইপিজেডে কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে। পরে প্রায় দেড়শ শ্রমিক ইপিজেড থেকে পায়ে হেঁটে এসে আগ্রাবাদের বিজিএমইএ অফিসের সামনে বিক্ষোভ করে। কিন্তু বিজিএমইএ কার্যালয় অন্যত্র স্থানান্তরিত হয়েছে এটা শ্রমিকরা জানতো না। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আগ্রাবাদের বাদামতলী মোড়ে প্রধান সড়কের উপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মতিউল ইসলাম জানান, সিইপিজেড’র বন্ধ হয়ে যাওয়া একটি কারখানার শ্রমিকরা বিজিএমইএ কার্যালয়ে যাওয়ার পথে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে শ্রমিকদের বুঝিয়ে বলার পর আবারো বেপজা অফিসে চলে যায়। বেপজার ব্যবস্থাপনা পরিচালক (জিএম) এসএম আব্দুর রশিদ বলেন, শ্রমিকদের ডেকে এনে আমরা কথা বলি। পাওনা আদায়ের আশ্বাস দেয়ার পর তারা ফিরে গেছে।