বিআরটি প্রকল্পে সাড়ে ১৬ কোটি ডলারের সহায়তা দিচ্ছে এডিবি

শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিট ট্রানজিট প্রকল্পে (বিআরটি) ১৬ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থের মধ্যে ১৬ কোটি ডলার ঋণ সহায়তা ও ৪৬ লাখ ডলার অনুদান হিসাবে পাওয়া যাবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে গতকাল সোমবার ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে তিনটি আলাদা আলাদা বিভাগ ও মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করবে। রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে গতকাল আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম-সচিব সাইফুদ্দিন আহমদ ও এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত আবাসিক মিশনের প্রধান এম তেরেসা খো চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দাতা সংস্থা ও ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পটি ২০১৩ সালে শুরু হয়ে ২০১৭ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। ইআরডি সূত্রে জানা গেছে, ‘গ্রেটার ঢাকা সাস্টেইনেবল আর্বান ট্রান্সপোর্ট প্রজেক্ট’ নামে এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল সাড়ে ২৫ কোটি ডলার। এডিবির করা মোট অর্থ সহায়তার মধ্যে ৬ কোটি মিলিয়ন ডলার এডিএফ, তুলনামূলক সহজ শর্তে ঋণ ওসিআর ১০ কোটি ডলার ও ৪৬ লাখ ডলার অনুদান হিসাবে দেয়া পাওয়া যাবে। এ ছাড়া এ প্রকল্পে সহ-অর্থায়নকারী হিসাবে ফ্রান্স সরকারভিত্তিক দাতা সংস্থা এজেন্সি ফ্রেনচাইজ ডি ডেভেলপমেন্ট (এএফডি) ঋণ হিসাবে দিচ্ছে সাড়ে চার কোটি ডলার। অবশিষ্ট অর্থ বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।