ইরাকে বিস্ফোরণে নিহত ২৫

ইরাকে গতকাল সোমবার সিরিজ হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। -খবর এএফপির। ইরাকী কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বাহিনী প্রত্যাহারের বার্ষিকীর একদিন আগে এ হামলার ঘটনা ঘটলো। গত ২৯ নভেম্বর ৫০ জন নিহত হওয়ার পর এটাই সর্বোচ্চ সংখ্যক নিহত হওয়ার ঘটনা। পুলিশের একজন লে:কর্নেল বলেন, তিকরিতের একটি পুলিশ চেক পয়েন্টে কয়েকজন অস্ত্রধারী পুলিশের ওপর হামলা চালায় এবং এতে এক পুলিশ সদস্য নিহত ও ৩ জন আহত হয়। এরপর একদল পুলিশ অস্ত্রধারীদের ধাওয়া করলে তারা বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় ৪ জন নিহত ও ২ জন আহত হয়। বাগদাদের উত্তরে আল বাসলাইবি গ্রামে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়। দেশটির উত্তরে মসুল শহরে সেনাবাহিনীর একটি চেকপয়েন্টে অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছে এক সেনা সদস্য। সাবাক শহরের শিয়া অধ্যুষিত এলাকায় একটি ট্রাক বোমা হামলায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয় বলে জানিয়েছেন নিরাপত্তা ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। শিয়া অধ্যুষিত শহর তুজ খুরমাতোতে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানে ৫ জন নিহত ও ২৬ জন আহত হন। পুলিশ এবং মেডিক্যাল সূত্রে জানা গেছে, বাগদাদের উত্তরে বাকুবায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একজন নিহত এবং ৪ জন আহত হয়। এছাড়া আনবার প্রদেশের রুতবা শহরে মর্টার হামলায় ২ জন নিহত এবং ৯ জন আহত হয়। একই সময় দুজাইলে গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত এবং ১০ জন ইরানী তীর্থযাত্রী আহত হয়েছে। ইরাকে ৯ বছর অবস্থানের পর গত বছরের ১৮ ডিসেম্বর মার্কিন বাহিনী ইরাক ছাড়ে।