বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম ইমামুল হককে অপসারণ করা না পর্যন্ত কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রবিবার একাডেমিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তারা। উপাচার্য অপসারণের দাবিতে তিনদিনের আমরণ অনশন কর্মসূচি স্থগিতের পর রবিবারেও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের পূর্বঘোষিত এই কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন জানান, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করার পর বরিশালের সুশীল সমাজের আশ্বাসে সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করা হয়। তবে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবারের মধ্যে স্বৈরাচারী উপাচার্য ইমামুল হককে অপসারণ করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।