ওজন কমালেন ‘ফেনোমেনন’
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:১৮
মাত্র তিনমাসের মধ্যে ১৭ কেজি ওজন কমিয়ে তাক লাগিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী রোনালদো। একটি টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেয়ার জন্যই বিশ্বকাপের এই সর্বোচ্চ গোলদাতা ওজন কমিয়েছেন বলে জানা গেছে।
ব্রাজিলিয়ান সাবেক তারকা স্ট্রাইকার এবং ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির সদস্য রোনালদো গত তিনমাসে শারীরিক কসরতের মাধ্যমে ওজন কমিয়ে গত রবিবার একটি টিভি অনুষ্ঠানে হাজির হন।
খেলোয়াড়ী জীবনে রোনালদো ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে ৯৮টি ম্যাচে করেছেন ৬২টি গোল। দলের হয়ে জয় করেছেন ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ। ক্লাব ফুটবলে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলান, ইন্টার মিলানের মতো ক্লাবের হয়ে।