সদা হাস্যময়, প্রাণবন্ত মানুষ তাসকিন আহমেদ। গত কিছুদিন মিরপুর স্টেডিয়ামে ক্যামেরার সামনে বারবার বিরস বদনে ধরা পড়েছেন তিনি। গত ১৬ এপ্রিল ঘোষিত বাংলাদেশের বিশ্বকাপ দলে নিজের নাম না দেখে হতাশায় মুষড়ে পড়েছিলেন এই তরুণ ফাস্ট বোলার। সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। হতাশা মাটিচাপা দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শেষে জাতীয় দলের সঙ্গে অনুশীলন চালিয়ে গেছেন।
গতকাল সেই তাসকিনের মুখশ্রীতে আবারো ফিরেছে চওড়া হাসি, স্বস্তির রেখা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। বিশ্বকাপের আগে নিজেকে মেলে ধরার সুযোগ পেলেন দ্রুতগতির এ পেসার। গতকাল সন্ধ্যায় মুঠোফোনের আলাপে সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন। তবে বিসিবির বিধিনিষেধ থাকায় আনুষ্ঠানিক মন্তব্য করেননি দলে ফেরার বিষয়ে।
মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনের পুরোপুরি ইনজুরি কাটিয়ে উঠতে না পারা, বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার তত্ত্ব মিলে তাসকিনের সঙ্গে দলে ডাকা হয়েছে ফরহাদ রেজাকে। গত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার পেলেন এ পেস বোলিং অলরাউন্ডার। সর্বশেষ ২০১৪ সালে জাতীয় দলে খেলেছিলেন ফরহাদ।
বাংলাদেশ দলের বিশ্বকাপ চিন্তায় সবসময়ই ছিলেন তাসকিন। ২০১৮ সালটা কেটেছিল চোটজর্জর। বিপিএলে ফিরেই বল হাতে মাতিয়েছেন ২৪ বছর বয়সী এ পেসার। ছন্দে ফিরেছিলেন ২২ উইকেট নিয়ে। নিউজিল্যান্ড সফরের টেস্ট, ওয়ানডে দলেও ডাক পান তিনি। কিন্তু দুর্ভাগ্য হয়ে আসে ইনজুরির ধাক্কা। বিপিএলে নিজের শেষ ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন। তাতেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ড সফর। আড়াই মাস পর মাঠে ফিরেও সুবিধা করতে পারেননি। প্রিমিয়ার লিগে বোলিংয়ে সাদামাঠাই ছিলেন তিনি। যার কারণেই পূর্ণ ফিট নন যুক্তি দেখিয়ে তাসকিনকে বিশ্বকাপ দল থেকে বাদ দেন নির্বাচকরা।
গতকাল মিরপুর স্টেডিয়ামে তাসকিন-ফরহাদ রেজার অন্তর্ভুক্তি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘১৭ জন ছিল, তবে ইনজুরি সমস্যা এবং কোচের কিছু পরিকল্পনা থাকাতে এবং বিশেষ করে অনেক অনুরোধ করার পর আমরা আরো দুইজন বাড়িয়েছি। ১৯ জন যাবে এবং দলের সাথে অনুশীলন করবে সেখানে। কিছু পরিকল্পনার জন্য সে (কোচ) অনেক অনুরোধ করেছে এই কারণে আমরা দুই জনকে বাড়িয়েছি। তারা হলো তাসকিন এবং ফরহাদ রেজা। ইনজুরি সমস্যাটি নিয়ে সবাই ঠিক অবস্থানে নেই বিধায়, সে এই অনুরোধটি করেছে।’