ইন্দো-পাক সিরিজ বাতিলের কোন সম্ভাবনাই নেই :

ভারত-পাকিস্তান বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা-সমালোচনা সারা বিশ্ব জুড়ে চলছেই। এর মধ্যে নতুন সংযোজন ভারতীয় বিরোধী দল বিজেপি’র দাবি সিরিজটি বাতিল করা হোক। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের ভারত সফরের সময় একটি মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি এই দাবি জানিয়েছে। কিন্তু এসব কিছুকে পিছনে ফেলে নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজ অনুষ্ঠানের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এ সম্পর্কে বিসিসিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা বলেছেন, ‘সিরিজ বাতিলের কোন প্রশ্নই এখানে উঠতে পারে না। সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সিরিজ আয়োজনের পরিকল্পনা সেভাবেই করা হয়েছে। ক্রীড়াঙ্গনের সাথে রাজনীতি কখনই মিলতে পারে না। সিরিজ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।’সোমবার ভারতের লোকসভায় বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধকে দায়ী করে অভিযোগ করে বলে মুম্বাইয়ে সন্ত্রাসী আক্রমণের সাথে বাবরী মসজিদ ট্র্যাজেডিকে এক করে বিতর্কিত বক্তব্য দিয়েছেন মালিক। সাথে সাথে এলইটি শীর্ষ সন্ত্রাসী আবু জানদাল ভারতীয় গোয়েন্দা সংস্থার অধীনে পরিচালিত হয় বলেও মালিক মন্তব্য করেছেন। কিন্তু এই মন্তব্যের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কোন প্রতিবাদ করেননি বলে বিজেপি দাবি জানায়। এ সম্পর্কে বিজেপি’র সিনিয়র নেতা যশবন্ত সিং সংসদের বাইরে সাংবাদিকদের বলেছেন, ‘ইন্দো-পাক সিরিজ অবশ্যই বাতিল করা উচিত। মালিক যে ধরনের মন্তব্য করেছেন তাতে ক্রিকেট ম্যাচের মাধ্যমে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি করার আশা করা কঠিন।’—বাসস